ত্রিনিদাদ টেস্টে ৯০ রানে পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান কিংবদন্তি ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের ৯০তম জন্মদিনেই এই জয় অর্জন করে উইন্ডিজ দল। কিছুদিন আগে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করা এই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে জয়টি তাকেই উৎসর্গ করেছেন অধিনায়ক রোস্টন চেজ। ম্যাচ শেষে আবেগপ্রবণ কণ্ঠে তিনি বলেন, ‘আমরা তাকে গর্বিত করতে চেয়েছিলাম এবং ম্যাচ শুরুর আগেই এ বিষয়ে আমাদের মধ্যে কথা হয়। আশা করি তিনি ওপর থেকে আমাদের দেখে হাসছেন।’ ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ২১১ রান। তবে বাবর আজমের নেতৃত্বাধীন দলটির ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি। মাত্র ১২০ রানে গুটিয়ে যায় তারা।
বাবর অপরাজিত ৫৮ রান করলেও বাকিরা ছিলেন পুরোপুরি ব্যর্থ। দুর্দান্ত বোলিং প্রদর্শনীতে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন পেসার জেইডেন সিলস। মাত্র ২০ রানের খরচায় ৫ উইকেট তুলে নেন তিনি। এই ম্যাচের ৪০টি উইকেটের সবগুলোই নিয়েছেন পেসাররা, স্পিনাররা কোনো উইকেটই পাননি। সামপ্রতিক পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে চেজ বলেন, ‘আমি মনে করি শ্রীলঙ্কা এবং পাকিস্তান এমন দল, যারা র্যাঙ্কিংয়ে আমাদের কাছাকাছি। আমি বলছি না যে তাদের আমাদের হারানোই উচিত। তবে এটি আমাদের মধ্যে আরও একটি সমানে সমানে লড়াই।’
তিনি আরও বলেন, ‘ছেলেরা আত্মবিশ্বাসী এবং গত কয়েক মাস ধরে আমরা বাড়তি পরিশ্রম করে যাচ্ছি। শ্রীলঙ্কা সিরিজের আগে আমাদের একটি ক্যাম্পও ছিল, যা একটি দল হিসেবে আমাদের কাছাকাছি আনতে এবং আমাদের দুর্বলতা কাটিয়ে শক্তি বাড়াতে সাহায্য করেছে। আমি মনে করি আজকের এই সাফল্য সেই কঠোর অনুশীলন ও ক্যাম্পেরই ফল।’
দর্শকদের অবদানের কথা স্বীকার করতেও ভোলেননি ক্যারিবিয়ান অধিনায়ক। ত্রিনিদাদের গ্যালারিতে উপস্থিত দর্শকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি ত্রিনিদাদের দর্শকদেরও ধন্যবাদ জানাতে চাই, যারা এসে আমাদের সমর্থন জুগিয়েছেন। লোকসংখ্যা খুব বেশি ছিল না, তবে তারা আমাদের মাঠে গিয়ে পারফর্ম করার মতো যথেষ্ট শক্তি ও সমর্থন যুগিয়েছে।’
দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ২রা আগস্ট ত্রিনিদাদের পোর্ট অব স্পেনের কুইনস পার্ক ওভালে মুখোমুখি হবে দু’দল।
