সেপ্টেম্বরে ভারত সিরিজ জানালো টাইমস অব ইন্ডিয়া

ফন্ট সাইজ:

ভারত ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্কে উন্নতি হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের শুরুতে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফরের একটি সূচি তৈরির কাজ করছে দুই বোর্ড। দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে দেয়ার চিন্তাভাবনা করছে বিসিসিআই। তবে চূড়ান্ত অনুমতি দেবে ভারত সরকার। আর সেই অনুমোদন এলে যাতে সবকিছু প্রস্তুত থাকে, সেজন্যই আগেভাগে প্রস্তুতি সারতে চাইছে দুই বোর্ড।

গত বছর কূটনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশ সফরে আসেনি ভারত। এরপর জানুয়ারিতে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার জেরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেনি বাংলাদেশ।
ভারত সিরিজ সামনে রেখে নিজেদের সব ভেন্যু ফাঁকা রেখেছে বিসিবি। বিসিসিআইয়ের সুবিধামতো বেশ কিছু বিকল্প প্রস্তাব দিচ্ছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের টেস্ট সফর শেষ হওয়ার কথা ২৭শে আগস্ট। আফগানিস্তান সিরিজ পিছিয়ে গেলে সেপ্টেম্বরে শুরুতে একটি ফাঁকা সময় তৈরি হবে। যদিও আফগানিস্তান বোর্ডের আয়োজনে ওই সিরিজ শুরুর কথা ছিল ১৩ই সেপ্টেম্বর থেকে। এক ভেন্যুতে সব ম্যাচ আয়োজনেও আপত্তি নেই বিসিবির। তবে বিসিসিআইয়ের এক সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়োজনে এক ভেন্যুতেই পুরো সিরিজ আয়োজন করতে রাজি আছে। তবে তাদের প্রথম পছন্দ তিনটি টি-টোয়েন্টি একটি ভেন্যুতে এবং তিনটি ওয়ানডে অন্য একটি ভেন্যুতে আয়োজন করা। সে ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামই এগিয়ে রয়েছে। পাশাপাশি যেকোনো একটি ফরম্যাটে সিরিজ আয়োজনের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না।

সম্প্রতি লন্ডনে আইসিসির সভার ফাঁকে দুই বোর্ডের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।’ আগামী সেপ্টেম্বরে দিল্লিতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে। তবে বাংলাদেশ সফর চূড়ান্ত হলে সেই সিরিজ স্থগিত বা বাতিল হতে পারে। কারণ আগস্টের শেষ দিকে বাংলাদেশে এসে সাদা বলের সিরিজ শেষ করেই এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়বে ভারতীয় দল। এর আগে মোস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছিলেন, পুরনো বিষয় পেছনে ফেলে অন্যান্য সদস্য বোর্ডের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় বিসিসিআই।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন