জিডিপি প্রবৃদ্ধি দাঁড়ালো ৩.৪৯ শতাংশে

জিডিপি প্রবৃদ্ধি দাঁড়ালো ৩.৪৯ শতাংশে

ফন্ট সাইজ:

চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেশ খানিকটা কমেছে। মাথাপিছু আয়ও কমেছে। সাময়িক হিসাবে গত ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৩.৯৭ শতাংশ। চূড়ান্ত হিসাবে তা ০.৪৮ শতাংশীয় পয়েন্ট কমে ৩.৪৯ শতাংশে নেমে এসেছে। এদিকে মাথাপিছু আয় ৫১ ডলার কমে ২ হাজার ৭৬৯ ডলারে নেমে এসেছে। সাময়িক হিসাবে তা ছিল ২ হাজার ৮২০ ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

২০২৪-২৫ অর্থবছর শুরু হয়েছিল ২০২৪ সালের ১লা জুলাই থেকে; শেষ হয় ২০২৫ সালের ৩০শে জুন। ওই অর্থবছর শেষ হওয়ার আট মাসের মাথায় বৃহস্পতিবার জিডিপি প্রবৃদ্ধি, আকার ও মাথাপিছু আয়ের চূড়ান্ত হিসাব প্রকাশ করলো বিবিএস। এর আগে গত বছরের ২৭শে মে ২০২৪-২৫ অর্থবছরের জিডিপি’র সাময়িক হিসাব প্রকাশ করেছিল পরিসংখ্যান ব্যুরো। তাতে জিডিপি’র প্রবৃদ্ধি ৩ দশমিক ৯৭ শতাংশ হয়েছে বলে জানানো হয়। অর্থবছরের সাত মাস (২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারি) পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকের ওই তথ্য প্রকাশ করেছিল বিবিএস। সাময়িক হিসাবে ওই সময় বিবিএস জানিয়েছিল, ২০২৪-২৫ অর্থবছরে চলতি মূল্যে জিডিপি আকার হয়েছে ৪৬১.৬২ বিলিয়ন ডলার। টাকার হিসাবে ছিল ৫৫ লাখ ৫২ হাজার ৭৫৩ কোটি টাকা। চূড়ান্ত হিসাবে জিডিপি আকার কমে ৪৫৬.৪৮ বিলিয়ন ডলারে নেমেছে। টাকার হিসাবে যা ৫৫ লাখ ১৫ হাজার ২৬ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে ৬.৭৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছিল শেখ হাসিনার সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে এই লক্ষ্যমাত্রা কমিয়ে ৫.২৫ শতাংশে নামিয়ে আনে অন্তর্বর্তী সরকার।
আগের অর্থবছরে অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে ৫.৮২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের কথা বলেছিল বিবিএস। তবে চূড়ান্ত হিসাবে তা কমে ৪.২২ শতাংশে নেমে আসে।
ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তাদের অর্জনের খাত হিসাবে জিডিপি প্রবৃদ্ধিকে বরাবরই দেখিয়ে আসছে। ২০০৮-০৯ অর্থবছরে দেশে ৫.৭৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। ২০১৮-১৯ অর্থবছরে তা সর্বপ্রথম ৮ শতাংশ ছাড়িয়ে যায়; পরে সংশোধিত হিসাবে তা অবশ্য ৭.৮৮ শতাংশে নেমে আসে। বাংলাদেশের ইতিহাসে ওটাই এখন পর্যন্ত সর্বোচ্চ প্রবৃদ্ধি। তার পরের বছর কোভিড মহামারির ধাক্কায় তা ৩.৪৫ শতাংশে নেমে আসে। ২০২০-২১ অর্থবছরে তা আবার বেড়ে ৬.৯৪ শতাংশে উঠেছিল। পরের বছর ৭ শতাংশ ছাড়ালেও ২০২২-২৩ অর্থবছরে আবার ৫.৭৮ শতাংশে নেমে আসে। গত বছরের ১লা জুলাই শুরু হওয়া ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৫.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরেছিল অন্তর্বর্তী সরকার।
কৃষিতে বেড়েছে, শিল্প ও সেবা খাতে কমেছে
পরিসংখ্যান ব্যুরোর চূড়ান্ত হিসাবে দেখা যাচ্ছে, কৃষি খাতে প্রবৃদ্ধি বেড়েছে; তবে শিল্প ও সেবা খাতে কমেছে। চূড়ান্ত হিসাবে কৃষি খাতে ২.৪২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সাময়িক হিসাবে যা ছিল ১.৭৯ শতাংশ। চূড়ান্ত হিসাবে শিল্প খাতে প্রবৃদ্ধি ৪.৩৪ শতাংশ থেকে কমে ৩.৭১ শতাংশ হয়েছে। আর সেবা খাতে ৪.৫১ শতাংশ থেকে কমে ৪.৩৫ শতাংশে নেমেছে।
মাথাপিছু আয়: বিবিএসের হিসাবে দেখা গেছে, দুই বছর মাথাপিছু আয় কমার পর গত অর্থবছরে মানুষের গড় মাথাপিছু আয় বেড়েছে। ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার, যা এযাবৎকালের সর্বোচ্চ। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২ হাজার ৭৪৯ কোটি ডলার। ২০২৩–২৪ অর্থবছরে তা আরও কমে হয় ২ হাজার ৭৩৮ ডলার। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ২ হাজার ৭৬৯ ডলার হয়েছে। তবে বিবিএসের সাময়িক হিসাবের চেয়ে কমেছে। সাময়িক হিসাবে বিবিএস ২ হাজার ৮২০ ডলার মাথাপিছু আয়ের হিসাব দিয়েছিল। বিবিএস বলছে, টাকার হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় এখন ৩ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা। প্রতি ডলার ১২০ টাকা ৮২ পয়সা দরে এই হিসাব দিয়েছে পরিসংখ্যান ব্যুরো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন