পূর্বধলায় সংরক্ষিত এমপি মানসুরার উদ্যোগে ৩৪টি উন্নয়ন প্রকল্প​

পূর্বধলায় সংরক্ষিত এমপি মানসুরার উদ্যোগে ৩৪টি উন্নয়ন প্রকল্প​

ফন্ট সাইজ:

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে গৃহীত ৩৪টি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু হয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলমের উদ্যোগে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার জন্য মোট ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। চলতি জুলাই মাস থেকেই এসব উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় টিআর (টেস্ট রিলিফ) এবং কাবিখা (কাজের বিনিময়ে টাকা/খাদ্য) কর্মসূচির অধীনে এসব উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে।

স্থানীয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় এসব কাজ সরাসরি তত্ত্বাবধান করছে।
উল্লেখযোগ্য উন্নয়ন কাজের মধ্যে রয়েছে- মসজিদ, মন্দির ও গির্জার সংস্কার এবং অবকাঠামোগত উন্নয়ন। বিদ্যালয়ের খেলার মাঠ সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ। জুলাই মাসে চলমান উল্লেখযোগ্য কিছু প্রকল্প উপজেলার বিভিন্ন এলাকায় প্রয়োজনীয়তা বিবেচনা করে পর্যায়ক্রমে প্রজেক্টগুলো শুরু করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- হোগলা বায়তুল আমান মসজিদের গ্রিল স্থাপন ও পলেস্তারা সংস্কার। হিরণপুর থেকে বাইঞ্জা সড়ক, বালিকা বিদ্যালয় রোড এবং বহুলি এলাকার রাস্তা সংস্কার। শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের দেওটুকুন আব্দুল গণি উচ্চ বিদ্যালয় ও উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার এবং ড্রেন নির্মাণ। হাজিবাড়ি মসজিদ ও অজুখানা সংস্কার, খলিশাউড় মনারকান্দা জামে মসজিদের উন্নয়ন এবং গারো সম্প্রদায়ের গির্জায় টাইলস স্থাপন ও প্রয়োজনীয় সংস্কার।
​উল্লেখ্য, অবকাঠামোগত এই ৩৪টি প্রকল্পের পাশাপাশি গত জুন মাসের শেষ সপ্তাহে সংসদ সদস্য মানসুরা আলমের নিজস্ব উদ্যোগে উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ১০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছিল। ​সংশ্লিষ্টদের মতে, ৩৪টি প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হলে উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার এক আমূল পরিবর্তন আসবে, যা স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন