রাজধানীর বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে নির্দিষ্ট কয়েকটি শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও আপিলের অধিকতর বিবরণীর পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটিকে গত ১৫ই জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছিল। তদন্ত কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে যে প্রতিবেদন দাখিল করেছে, তা সন্তোষজনক বিবেচিত হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।
তবে অনুমতির সঙ্গে তিনটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। শর্তগুলো হলো- ১৯৮২ সনের এ সংক্রান্ত অর্ডিন্যান্স অনুযায়ী সব নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে; এবং লাইসেন্সের শর্তাবলী লঙ্ঘিত হলে সরকার ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষর করেছেন।
