রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে চড়তে গিয়ে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে পাঁচ বিদেশী পর্বতারোহীর মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহতরা সবাই ইউরোপের দেশ বসনিয়ার নাগরিক ছিলেন। এই ট্র্যাজেডি থেকে রক্ষা পেয়ে জীবিত ফিরেছেন আরও দুই পর্বতারোহী। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। রাশিয়ার আঞ্চলিক প্রসিকিউটর কার্যালয়ের বরাতে জানা গেছে, গত ২৪ জুলাই সাত সদস্যের এক বিদেশী পর্বতারোহী দল মাউন্ট এলব্রুস জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
পরদিন ২৫ জুলাই সন্ধ্যার দিকে হঠাৎ আবহাওয়া চরম খারাপ হয়ে পড়লে দলটি নির্দিষ্ট রুট থেকে পথ হারিয়ে ফেলে। এরপর দলের এক পর্বতারোহী কোনোমতে নিচে নেমে এসে জানান যে, প্রায় ৫,১০০ মিটার উচ্চতায় তাদের দুইজন সঙ্গী অসুস্থ হয়ে মারা গেছেন। পরবর্তীতে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে আরও একজন জীবিত পর্বতারোহীকে উদ্ধার করে এবং বাকি তিনজনের মৃতদেহ খুঁজে পায়।
বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ এই পাঁচ পর্বতারোহীর মৃত্যুর খবরটি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। বসনিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, এই অভিযানের সাত সদস্যই দেশটির যেনিকা শহরের বাসিন্দা ছিলেন, যার মধ্যে এক বিবাহিত দম্পতি এবং স্থানীয় হাসপাতালের একজন নারী চিকিৎসকও ছিলেন।
জর্জিয়া সীমান্তের কাছে অবস্থিত ৫,৬৪২ মিটার উঁচু মাউন্ট এলব্রুস পর্বতশৃঙ্গটি হঠাৎ আবহাওয়া পরিবর্তন ও মারাত্মক তুষারঝড়ের জন্য পরিচিত। প্রবল বাতাস ও তীব্র ঠাণ্ডার কারণে উদ্ধার অভিযান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল বলে জানিয়েছে রুশ সংবাদমাধ্যমগুলো।
