লঙ্কা প্রিমিয়ার লীগে (এলপিএল) নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিলেন তাওহীদ হৃদয়। গতকাল জাফনা কিংসের হয়ে ওয়ানডাউনে নেমে ২১ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন এ টাইগার ব্যাটার। তার শেষ বলের ছক্কায় ক্যান্ডি রয়্যালসকে ২০০ রানের লক্ষ্য ছুড়ে দেয় জাফনা। শেষ পর্যন্ত ৯৩ রানে জয় পায় জাফনা। ডাম্বুলায় টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে জাফনা। ফ্র্যাঞ্চাইজি দলটিতে সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও আছেন। তিন ওভারে ১৮ রানে ১ উইকেট নেন সাকিব। অবশ্য ওয়ানডাউনে নামা হৃদয়কে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। জাফনার উদ্বোধনী দুই ব্যাটারই খেলেন ১২.৫ ওভার। ৭৭ বলে ১২৯ রানের জুটি গড়েন কামিল মিশরা ও আভিশকা ফার্নান্দো। ৩৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ফার্নান্দো সাজঘরে ফিরলে ক্রিজে আসেন হৃদয়। এরপর টাইগার ব্যাটারের সঙ্গে ৩১ রানের জুটি গড়ে বিদায় নেন আরেক ওপেনার মিশারা। ৫৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করে থামেন তিনি।
ত্রয়োদশ ওভারে ক্রিজে আসা হৃদয় মাঠে থাকেন শেষ পর্যন্ত। অবশ্য শুরুর দিকে শাহীন শাহ ও হাসারাঙ্গাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান রেট ধরে রাখা কঠিন ছিল তার জন্যে। তবে শেষ পর্যন্ত দলকে ৪ উইকেটে ১৯৯ রানের পুঁজি এনে দিয়েই মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী হৃদয়। ২ চারের সঙ্গে শেষ বলের ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন তিনি।
রান তাড়ায় মোটেই সুবিধা করতে পারেনি ক্যান্ডি। প্রথম ওভার থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ব্যাট হাতে অপেক্ষায় থাকা সাকিব ৩ ওভার হাত ঘুরিয়ে ৬.০০ ইকোনোমিতে তুলে নেন ১ উইকেট। ৪ ওভারে ২২ রান দিয়ে জাফনার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন দুনিথ ওয়াল্লালাগে।
এর আগে ৩০ হাজার মার্কিন ডলারের গোল্ড ক্যাটগরিতে থাকলেও ড্রাফট থেকে হৃদয়কে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে টুর্নামেন্টের কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর দল পান তিনি। জাফনার হয়ে খেলার কথা ছিল আরেক টাইগার তারকা তাসকিন আহমেদেরও। জিম্বাবুয়ে সফর শেষ করেই শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল এ ডানহাতি পেসারের। তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির জন্য নিজেকে সরিয়ে নেন তাসকিন। এছাড়া এলপিএলের আরেক দল গল গ্যালান্টসের হয়ে খেলছেন আরেক টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
