ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মামলার তথ্যমতে, গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে হত্যাচেষ্টার অভিযোগে ১৪ই ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের মামলা দায়ের করেন। মামলার এজাহারে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়। এজাহারে হত্যাচেষ্টার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা এবং পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়।
ঘটনার পর একই দিন র্যাব ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে। পরে শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তদন্ত চলাকালে সাহেদা পারভীন, ওয়াহিদ আহমেদ ও মারিয়া আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরই ধারাবাহিকতায় হাইকোর্টে করা সাহেদা পারভীনের জামিন আবেদন শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করেন।
