ফুটবল বিশ্বে বয়স যে সত্যিই কেবল একটি সংখ্যা, তা আরও একবার প্রমাণ করলেন জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুয়োশি মিউরা। পেশাদার ফুটবলে দীর্ঘ চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল পেলেন ৫৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। শনিবার এম্পেররস কাপের ম্যাচে ফুকুশিমা ইউনাইটেডের জার্সিতে এই ঐতিহাসিক গোলটি করেন ‘কিং কাজু’ খ্যাত এই ফুটবলার।
টোকিওভিত্তিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রতিযোগিতামূলক ম্যাচটিতে ইওয়াকি ফুরুকাওয়া এফসিকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ফুকুশিমা ইউনাইটেড। ম্যাচের ৫২ মিনিটে দলের হয়ে পঞ্চম গোলটি করেন মিউরা। সতীর্থের বাড়ানো বলটি নিখুঁত শটে জালে জড়িয়ে তিনি উদযাপন করেন ক্যারিয়ারের এই স্মরণীয় মুহূর্ত। অবশ্য এর তিন মিনিট পর তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়।
এর আগে মিউরা শেষ পেশাদার গোলটি করেন ২০২২ সালের নভেম্বর মাসে, সুজুকা পয়েন্ট গেটার্সের হয়ে জাপানের চতুর্থ স্তরের লীগে। ব্রাজিলের ঐতিহাসিক ক্লাব সান্তোসে ১৯৮৬ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর এই জাপানি ফরোয়ার্ড ইতালির গেনোয়া, ক্রোয়েশিয়ার ডাইনামো জাগরেব এবং পর্তুগালের অলিভেইরেন্সেও খেলেন। এছাড়া জাপানের জার্সিতে হয়ে ৮৯ ম্যাচে মিউরার নামের পাশে আছে ৫৫ গোল।
জাপানি ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা মিউরা বর্তমানে ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে লোনে যুক্ত আছেন। গত বছরের ডিসেম্বরে ইয়োকোহামা এফসি থেকে এই ক্লাবে যোগ দেন তিনি। জাপানি লীগগুলোর সূচি পরিবর্তন করে নতুন ক্যালেন্ডারে রূপ নেয়ার প্রক্রিয়ার মধ্যে মিউরা তার ৪২তম পেশাদার মৌসুমের দিকে এগিয়ে যাচ্ছেন। আর মাত্র কিছু দিন বাদেই ৬০ বছর বয়সে পা দিতে যাওয়া এই গ্রেট ফুটবলার প্রমাণ করলেন, ফুটবলপ্রেম এবং নিবেদন থাকলে বয়স কখনোই বাধা হতে পারে না।
ফুটবল ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং বর্ণিল এই ক্যারিয়ার বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণার নাম হয়ে থাকবে। বিশ্ব ক্রীড়াঙ্গনে তার এই অর্জন তাই কেবল একটি গোল নয়, বরং হার না মানার এক রূপকথা।
