আর্সেনালে ভিনির চমকপ্রদ সম্ভাবনা, রিয়ালে নাটকীয় পটপরিবর্তন

আর্সেনালে ভিনির চমকপ্রদ সম্ভাবনা, রিয়ালে নাটকীয় পটপরিবর্তন

ফন্ট সাইজ:

ইংলিশ প্রিমিয়ার লীগের দীর্ঘ শিরোপা খরা কাটানোর পর এবার ইউরোপের দলবদলের বাজারে বড় চমক উপহার দিতে যাচ্ছে আর্সেনাল। জোর গুঞ্জন রটেছে, স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে দলভুক্ত করার প্রাথমিক খোঁজখবর শুরু করেছে গানাররা। সান্তিয়াগো বার্নাব্যুতে ভিনির বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর রয়েছে। ফলে ট্রান্সফার গুঞ্জন এখন বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

গত মৌসুমে রিয়ালের জার্সিতে ২২ গোল করেন ভিনি। সেইসঙ্গে সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ৪ গোল করেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার। ট্রান্সফারমার্কেটের মূল্যায়ন অনুযায়ী, ভিনির বাজারদর প্রায় ১৫ কোটি ডলারের ওপরে। ফলে তাকে দলে টানতে হলে আর্সেনালকে তাদের ক্লাব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়তে হবে। এছাড়া, অ্যাটলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ এবং প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্র্যাডলি বারকোলাও আর্সেনালের রাডারে রয়েছেন।

ভিনির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জনের মূল কারণ ছিল চুক্তি নবায়ন নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার বরফ না গলা। অন্যদিকে, জোসে মরিনহোর বার্নাব্যুতে প্রত্যাবর্তনও এর অন্যতম কারণ। এর আগে বেনফিকার বিপক্ষে এক ম্যাচে বর্ণবাদের শিকার হওয়া নিয়ে মরিনহোর কিছু মন্তব্য নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন মোড় নিয়েছে। ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, রিয়ালের নতুন কোচ মরিনহো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি ক্লাবের কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারাতে চান না এবং আসন্ন মৌসুমে ভিনিকে স্কোয়াডেই রাখতে চান। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও এর আগে আশাবাদ ব্যক্ত করেন যে, ভিনি মাদ্রিদেই থাকতে ভালোবাসেন।

এদিকে, রিয়াল মাদ্রিদ সম্ভাব্য বিকল্প হিসেবে আরবি লাইপজিগের আইভরি কোস্টের তরুণ তারকা ইয়ান দিওমান্দেকে দলে ভেড়ানোর জোর চেষ্টা চালাচ্ছে। লাইপজিগ প্রায় ১৩ থেকে ১৪ কোটি ডলারের নিচে তাদের এই তরুণ তুর্কিকে ছাড়তে নারাজ। অন্যদিকে, আর্সেনাল তাদের আক্রমণভাগ আরও শক্তিশালী করতে ইতিমধ্যে ক্রিস্টোস জোলিসকে দলে ভিড়িয়েছে এবং মিডফিল্ডে ব্রাজিলের ব্রুনো গিমারায়েসের প্রতিও নিজেদের জোরালো আগ্রহ বজায় রেখেছে।

বিশ্বকাপের পরপর এই দলবদলের লড়াই ফুটবলপ্রেমিদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। মরিনহোর ট্যাকটিক্যাল ছকে ভিনি শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থেকে যান, নাকি প্রিমিয়ার লীগে পা রেখে আর্সেনালের জার্সিতে নতুন অধ্যায় শুরু করেন- সেটাই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় কৌতূহল। ফুটবল বিশ্লেষকদের মতে, আগামী কয়েক সপ্তাহ ট্রান্সফার মার্কেট বিশ্বফুটবলে আলোড়ন তুলবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন