বিদেশগামী কর্মীদের জরুরি আবাসন সংকট নিরসনে রাজধানীর আশকোনার হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার পৃথক আবাসন ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বাস্তবায়ন হতে যাওয়া এ উদ্যোগে পুরুষ ও নারীদের জন্য সমান সংখ্যক শয্যার ব্যবস্থা থাকবে।
শনিবার সকালে রাজধানীর আশকোনাস্থ হজ্জ ক্যাম্প পরিদর্শনকালে এ ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে এবং ধর্মমন্ত্রীর প্রস্তাবের ভিত্তিতে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় পরিচালিত ওয়েজ আর্নার্স সেন্টারে ৪৯ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। তবে সংকটকালীন পরিস্থিতি কিংবা আকস্মিকভাবে ফ্লাইট বাতিল হলে বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী হজ্জ ক্যাম্পে আরও ১০০টি শয্যার ব্যবস্থা করা হবে। এর মধ্যে পুরুষদের জন্য ৫০টি এবং নারীদের জন্য পৃথক ৫০টি বেড থাকবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর। যুদ্ধ, সংঘাত বা বৈরী আবহাওয়াসহ বিভিন্ন কারণে অনেক সময় ফ্লাইট বিলম্ব বা বাতিল হয়। এমন পরিস্থিতিতে বিমানবন্দরে প্রবাসীরা আবাসন সংকটে পড়েন। হজ্জ ক্যাম্পে এই শয্যা ব্যবস্থা চালু হলে তাদের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে।
পরিদর্শনকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং হজ্জ ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
