সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা

সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ

ফন্ট সাইজ:

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে দিয়ে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন-সাবেক এমপি সাইফুল ইসলাম, আব্দুল্লাহিল কাফি, সৈয়দ নূরুল ইসলাম, আসাদুজ্জামান (রিপন), সাহিদুল ইসলাম, মো. শাহ জামান, এ এফ এম সায়েদ রনি, মো. আলী ও সোহেল মিয়া।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্ত শেষে সংগৃহীত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ১৯ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগপত্রে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সাভারে সংঘটিত হত্যাকাণ্ডে আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এখন অভিযোগপত্রের ওপর শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেবে কি না এবং আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

উল্লেখ্য, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভার এলাকায় সংঘটিত এ ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় আসহাবুল ইয়ামিনকে একটি আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) বা সাঁজোয়া যানে তুলে নেয়া হয়। পরে চলন্ত এপিসি থেকে তাকে ফেলে দেয়া হলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তার মৃত্যু হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

পরে ঘটনাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত করে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে প্রসিকিউশনের কাছে এই প্রতিবেদন জমা দেয়। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন