‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আপাতত আন্দোলন স্থগিত করেছে। তবে তাদের আরো অনেক পথ যাওয়ার আছে। রোববার সকালে এক ভিডিও বার্তায় এমনটিই বলেছে সিজেপির নেতা অভিজিৎ দীপকে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে টানা ৩৭ দিনের অভূতপূর্ব ছাত্র আন্দোলন সফলভাবে সম্পন্ন করে সিজেপি। আন্দোলনকারীরা আপাতত বিশ্রামে গেলেও এটিকে কেবল সূচনা বলে মন্তব্য করেন ভারতব্যাপী যুব আন্দোলনের প্রধান মুখ ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে। রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, এই সামাজিক ও শিক্ষাগত অধিকার আদায়ের লড়াইয়ের কেবল শুরু হলো, সিজেপির পথচলা এখনও অনেক দূর বাকি। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
৩৭ দিনের লড়াই নিয়ে দীপকের প্রতিক্রিয়া: শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং সরকারের কাছে পেশ করা অন্যান্য দাবিদাওয়া পূরণ হওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানান অভিজিৎ দীপকে। তিনি স্মৃতিচারণ করে বলেন, আগামীতে কী হবে বা পরদিন সন্ধ্যায় পরিস্থিতি কী রূপ নেবে সেসব চিন্তা না করেই অন্তত একটি রাত নিশ্চিন্তে ঘুমাতে পেরেছেন। টানা ৩৭ দিন চলা এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিকে অত্যন্ত কঠিন ও জটিল একটি পথ হিসেবে বর্ণনা করেন তিনি। নিজের শারীরিক অসুস্থতা ও টাইফয়েডে আক্রান্ত হয়ে তীব্র জ্বরে ভোগার কথা উল্লেখ করে অভিজিৎ দুঃখ প্রকাশ করেন যে, শারীরিক অবস্থার কারণে শনিবার যন্তর মন্তরে উপস্থিত সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারেননি। তিনি বলেন, ৩৭ দিন ধরে যন্তর মন্তরে যারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে পাশে দাঁড়িয়েছিলেন, তাদের প্রত্যেকের কাছে তিনি গভীরভাবে কৃতজ্ঞ। সাধারণ যুবসমাজ ও শিক্ষার্থীদের এই ত্যাগ দেশের ইতিহাসকে বদলে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সমালোচকদের ধন্যবাদ ও ভবিষ্যৎ লক্ষ্য: আন্দোলন চলাকালে যারা বিভিন্ন বিষয়ে সমালোচনা ও প্রশ্ন তুলেছিলেন, তাদের প্রতিও ধন্যবাদ জানান সিজেপি প্রধান। তিনি বলেন, গঠনমূলক সমালোচনা ও যৌক্তিক প্রশ্নই আন্দোলনকে সঠিক দিশায় পরিচালনা করতে এবং সফলতা এনে দিতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। উল্লেখ্য, গত মে মাসে ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের ব্যাঙ্গাত্মক প্রতিবাদ হিসেবে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি (সিজেপি) অল্প সময়ের মধ্যেই ভারতের ‘জেন-জি’ ও যুবসমাজের এক বিশাল প্ল্যাটফর্মে রূপ নেয়। রাজধানীতে ছাত্র সমাজের তোলা ‘ইনকিলাব’ স্লোগান ও আন্দোলনের মুখে অবশেষে শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন এবং সরকার মামলা প্রত্যাহারসহ অন্যান্য দাবি মেনে নিলে গতকাল বিক্ষোভের সমাপ্তি টানা হয়।
