দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবি’র বাধার মুখে তারা ভারতে ফিরে যেতে বাধ্য হন। শনিবার ভোর ৫টার দিকে উপজেলার ভাইগড় সীমান্তের শ্রীরামপুরে এ ঘটনা ঘটে। ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ জানান, ভোরে সীমান্ত এলাকায় বিজিবির বাঁশির শব্দ শুনে ঘুম ভাঙে তার। পরে বাইরে এসে তিনি দেখতে পান ৯ জন নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ। এ সময় গ্রামবাসী তাদের বাধা দেন।
কাটলা ইউনিয়ন পরিষদের সদস্য শুকুর আলী বলেন, ‘ভোরে বিএসএফ সদস্যরা ৯ নারীকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফিরিয়ে নেয়া হয়।’
টি আলম বলেন, ‘ভারত থেকে ৯ নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করে ভারতীয় সীমান্তে ফেরত পাঠিয়েছেন।’
