বিশ্বকাপে ম্যাচ-ফিক্সিংয়ের সন্দেহ, প্রশ্ন

বিশ্বকাপে ম্যাচ-ফিক্সিংয়ের সন্দেহ, প্রশ্ন

ফন্ট সাইজ:

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার পর এবার আলোচনায় এসেছে কথিত ম্যাচ পাতানো (ম্যাচ-ফিক্সিং) এবং অস্বাভাবিক বেটিং কার্যক্রমের অভিযোগ। স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা কোপেনহেগেন গ্রুপ জানিয়েছে, বিশ্বকাপের কয়েকটি ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে, যা নিয়ে তদন্তের প্রয়োজন হতে পারে। তবে তারা ম্যাচ-ফিক্সিং প্রমাণিত হয়েছে এমন দাবি করেনি, বরং সম্ভাব্য অনিয়মের ইঙ্গিত বা ‘বেটিং অ্যালার্ট’ চিহ্নিত করেছে। এ খবর দিয়েছে অনলাইন মারকা। কোপেনহেগেন গ্রুপের পর্যবেক্ষণে উঠে এসেছে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা। তাহলো- মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার থেম্বা জোয়ানের লাল কার্ড। গ্রুপ পর্বে স্পেন ও কেপ ভার্দের গোলশূন্য ড্র। স্পেন বনাম সৌদি আরব ম্যাচে ভিএআরের মাধ্যমে ফেরান তোরেসের গোল বাতিল করতে তিন মিনিটেরও বেশি সময় লাগা। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা ফিফার সিদ্ধান্তে প্রত্যাহার হওয়ায় তিনি বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেন। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোপেনহেগেন গ্রুপ বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ফিফার কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বালোগান লাল কার্ড দেখার একদিন পর ২রা জুলাই ক্রিপ্টোকারেন্সিভিত্তিক ভবিষ্যদ্বাণীমূলক প্ল্যাটফর্‌ম পলিমার্কেটে একটি বেটিং মার্কেট চালু হয়।

সেখানে প্রশ্ন ছিল- ‘ফোলারিন বালোগান কি বেলজিয়ামের বিপক্ষে খেলবেন?’ এরপর ৫ই জুলাই ফিফা তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। অন্যদিকে, প্রতিযোগিতায় অনিয়ম ঠেকাতে গঠিত ফিফা ইন্টেগ্রিটি টাস্ক ফোর্স জানিয়েছে, তারা বিশ্বকাপের ১০৪টি ম্যাচের সবটাই সরাসরি পর্যবেক্ষণ করেছে এবং কোনো সন্দেহজনক বেটিং কার্যক্রম শনাক্ত হয়নি। কোপেনহেগেন গ্রুপের সতর্কতা এবং ফিফার পর্যবেক্ষণের মধ্যে পার্থক্য থাকলেও, এ পর্যন্ত কোনো ম্যাচে ম্যাচ-ফিক্সিং হয়েছে এমন প্রমাণ প্রকাশ করা হয়নি। অর্থাৎ, বিষয়টি বর্তমানে সন্দেহ ও পর্যবেক্ষণের পর্যায়ে রয়েছে। সম্ভাব্য অনিয়মের বিষয়ে প্রশ্ন উঠলেও, সংশ্লিষ্ট কোনো দল, খেলোয়াড় বা ম্যাচকে এখনো আনুষ্ঠানিকভাবে ম্যাচ-ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ঘোষণা করা হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন