আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সুখবর পেয়েছে বাংলাদেশ। সরাসরি নকআউট পর্বে জায়গা করে নিয়েছে টাইগাররা। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাও সরাসরি নকআউটে খেলবে। বৃহস্পতিবার পুরুষ ও নারী বিভাগের গ্রুপ চূড়ান্ত করতে ড্র অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে লড়বে ১০ দল। নারী বিভাগে অংশ নেবে ৮ দল। সব ম্যাচ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। পুরুষ বিভাগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি মূল পর্বে জায়গা পেলেও বাকি দলগুলোকে পেরোতে হবে প্রাথমিক বাছাইয়ের গণ্ডি। আফগানিস্তান, জাপান ও নেপাল লড়বে ‘এ’ গ্রুপে, আর ‘বি’ গ্রুপে মুখোমুখি হবে হংকং, মালয়েশিয়া ও ওমান।
দুই গ্রুপ থেকে সেরা দু’টি করে দল উঠে আসবে নকআউট পর্বে। পুরুষদের এই লড়াই শুরু ২৪শে সেপ্টেম্বর। চলবে ১লা অক্টোবর পর্যন্ত। নারী বিভাগের লড়াই সরাসরি কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু। যেখানে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ চীন। ভারতের সামনে জাপান। শ্রীলঙ্কার প্রতিপক্ষ মালয়েশিয়া এবং পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। মেয়েদের ইভেন্ট মাঠে গড়াবে ১৭ই সেপ্টেম্বর। শেষ হবে ২২শে সেপ্টেম্বর। ২০২৩ সালের সবশেষ এশিয়ান গেমসে ক্রিকেটে রাজত্ব করে ভারত। পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি বাগড়া দেয়ায় ম্যাচ শেষ হয়নি। র্যাঙ্কিং পদ্ধতিতে এগিয়ে থাকায় স্বর্ণ জেতে ওঠে ভারত। মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারতীয় মেয়েরা।
