কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান যুব আন্দোলনের মধ্যে দিল্লির কেন্দ্রীয় অংশে, বিশেষ করে আন্দোলনস্থল ও এর আশপাশের এলাকায় মোবাইল ডেটা (ইন্টারনেট) সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ভারত সরকার। বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির সঙ্গে কথা বলা দুটি সূত্রের দাবি, ভারত সরকার টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে দিল্লির সংশ্লিষ্ট এলাকায় মোবাইল ডেটা পরিষেবা স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে।
এদিকে শুক্রবার (২৪ জুলাই) দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)। মূলত তাদের নেতৃত্বেই এই আন্দোলন চলছে।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে সিজেপি এই তথ্য জানিয়েছে।
এ ছাড়া দলটি আবারও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানিয়েছে। এদিন সিজেপি ভারতের বিভিন্ন শহর ও গ্রামে নাগরিকদের বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান করে।
দলটির লক্ষ্য, চলমান আন্দোলনকে একটি সর্বভারতীয় গণআন্দোলনে রূপ দেয়া।
