বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ মিউজিক প্রতিযোগিতা ‘ইউরোভিশন সং কনটেস্ট’। এটি ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এ বছর প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’তে অংশ নিচ্ছে বাংলাদেশ। এই আসরের জন্য বাংলাদেশের প্রতিনিধি খুঁজতে আয়োজন করা হয়েছে ‘ভয়েস অব বাংলাদেশ’ নামের একটি প্রতিযোগিতা।
বুধবার বিকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত জানানো হয়। এই আয়োজনের বিচারক হিসেবে থাকছেনÑ ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন ও আঁখি আলমগীর। সংবাদ সম্মেলনে ফাহমিদা নবী বলেন, বাংলাদেশের বাংলা গানকে বিশ্বের কাছে পৌঁছে দেয়ার স্বপ্ন আমাদের সবার। বঙ্গ ও ইউরোভিশনের যৌথ আয়োজন ‘ভয়েস অব বাংলাদেশ’ সেই স্বপ্নকে এগিয়ে নেয়ার একটা চমৎকার উদ্যোগ। জাজ না হলে হয়তো আমি নিজেই এই প্রতিযোগিতায় অংশ নিতাম। কারণ এটি একদম মৌলিক গানের প্রতিযোগিতা, পুরনো গান নয়। যারা সত্যিকার অর্থে ভালো গায় কিন্তু সুযোগের অভাবে পিছিয়ে আছে, তাদের জন্য এটি একটি বড় প্ল্যাটফরম। একক শিল্পী, দ্বৈত কিংবা ব্যান্ড যেকোনো ক্যাটাগরিতে আবেদন করা যাবে। আগ্রহী পারফর্মারদের নিজেদের একটি অডিও বা ভিডিও পারফরম্যান্সের সঙ্গে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। এই প্রতিযোগিতার ‘ন্যাশনাল ফাইনাল’ অনুষ্ঠিত হবে ৩০শে সেপ্টেম্বর।
সেই অনুষ্ঠানে বিজয়ী শিল্পী প্রথম ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া গ্র্যান্ড ফাইনাল’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবেন। প্রতিযোগিতাটি উপস্থাপনা করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।
