আতিফ আসলাম ঢাকা মাতাবেন আজ

আতিফ আসলাম ঢাকা মাতাবেন আজ

ফন্ট সাইজ:

বুধবার দিবাগত রাতে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকার ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘মেইন স্টেজ শো, ফিচারিং আতিফ আসলাম’। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানায়, কনসার্টটি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই এবং নির্দিষ্ট সময় আতিফ আসলাম মঞ্চে উঠবেন। তাদের তথ্য অনুযায়ী, আজ দুপুর ২টায় ভেন্যুর গেট খুলে দেয়া হবে এবং সন্ধ্যা ৬টায় গেট বন্ধ হবে।

বিকাল ৫টায় শুরু হওয়া সংগীতানুষ্ঠান চলবে রাত ১০টা পর্যন্ত। এদিন আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মেঘদল’ ও ‘লেভেল ফাইভ’। ফলে আন্তর্জাতিক ও দেশীয় সংগীতের সমন্বয়ে দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। আতিফের জনপ্রিয় গানের নাম অনুসারে তিনটি ক্যাটাগরিতে টিকিট রাখা হয়। ‘দূরি’ এরিয়ার টিকিটের মূল্য ২ হাজার ৯৯৯ টাকা, ‘আদাত’ এরিয়ার ৫ হাজার ৯৯৯ টাকা এবং ‘পেহলি নজর’ এরিয়ার টিকিটের মূল্য ১০ হাজার ৯৯৯ টাকা। কনসার্টটি গত বছরের ১৩ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করা হয়। পরে আয়োজকরা উপযুক্ত সময়ে কনসার্টটি আয়োজনের আশ্বাস দেন। এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে যাচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন