বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে দুই দেশের বাণিজ্য বৈষম্য কমাতে চীনকে বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির আহ্বান জানান গভর্নর। একই সঙ্গে দেশে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা বাস্তবায়নে চীনের একক কিউআর পদ্ধতির প্রযুক্তিগত সহায়তা ও অভিজ্ঞতা শেয়ার করার অনুরোধ জানান তিনি।
আলোচনাকালে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করার ওপর গুরুত্ব দেন। জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে একাধিক বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে বিদেশি বিনিয়োগকারীরা তাদের মূলধন ও অর্জিত মুনাফা নিজ দেশে সহজে ও নিরাপদে ফেরত (প্রত্যাবাসন) নিয়ে যেতে পারবেন। পাশাপাশি বাংলাদেশের উদীয়মান প্রযুক্তি ও শিল্প খাতে চীনা বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানান গভর্নর।
দ্বিপক্ষীয় এই বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দেশটির দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর সং ইয়াং ও অ্যাটাশে ওয়েন জিনহুয়া। বাংলাদেশ ব্যাংকের পক্ষে গভর্নরের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান এবং ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন।
