কাসেমিরোকে দলে নিয়েই বিতর্কে মেসির দল, অনুসন্ধানে এমএলএস

কাসেমিরোকে দলে নিয়েই বিতর্কে মেসির দল, অনুসন্ধানে এমএলএস

ফন্ট সাইজ:

ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভিড়িয়ে আরেকবার বিতর্কে জড়ালো ইন্টার মায়ামি। খেলোয়াড় স্থানান্তরে নিয়ম লঙ্ঘনের (ট্যাম্পারিং) অভিযোগে ফ্লোরিডার ক্লাবটির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মেজর লীগ সকার (এমএলএস) কর্তৃপক্ষ।

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ৩৪ বছর বয়সী কাসেমিরো ইন্টার মায়ামিতে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন। ক্লাবটি জানায়, ২০২৭ মৌসুম পর্যন্ত ব্রাজিলিয়ান তারকার সঙ্গে তাদের চুক্তি হয়েছে। এই মেয়াদ ২০২৯ সালের জুন পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে।
তবে চুক্তি স্বাক্ষরের পরই তদন্তের ঘোষণা দেয় এমএলএস। লীগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে, ‘ট্যাম্পারিংয়ের অভিযোগটি পর্যালোচনা করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করা হবে না।’

মূল সমস্যা তৈরি হয়েছে ‘ডিসকভারি রাইটস’ বা স্বত্ব অধিকার নিয়ে। এমএলএস নিয়মে কোনো খেলোয়াড়কে লীগে ভেড়াতে নির্দিষ্ট ক্লাবের অগ্রাধিকার থাকে। কাসেমিরোর ক্ষেত্রে এই স্বত্ব ছিল এলএ গ্যালাক্সির দখলে। ইন্টার মায়ামি স্বত্বটি হস্তান্তরের দাবি করলেও, বিষয়টি খতিয়ে দেখছে লীগ কর্তৃপক্ষ।

তবে চুক্তি নিয়ে মায়ামির সহ-মালিক স্যার ডেভিড বেকহাম বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘সে একজন জন্মগত বিজয়ী। রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডে দারুণ ক্যারিয়ারের পর সে মায়ামিকে বেছে নিয়েছে। এতে আমি অত্যন্ত আনন্দিত।’ নতুন ডেড়ায় যোগ দিয়ে পাঁচবারের চ্যাম্পিয়নস লীগ জয়ী কাসেমিরো বলেন, ‘প্রতিটি খেলোয়াড়ের মতো আমার মূল অনুপ্রেরণা হলো জয় লাভ করা এবং সামনে এগিয়ে যাওয়া।’ ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও রদ্রিগো ডি পলের মতো আর্জেন্টিনা তারকাদের সতীর্থ হিসেবে পাচ্ছেন কাসেমিরো।
উল্লেখ্য, ট্রান্সফার বিতর্কে মায়ামির জড়ানো এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালেও ব্লেজ মাতুইদির চুক্তিতে বেতনসীমার নিয়ম ভেঙে ক্লাবটিকে ২০ লাখ ডলার জরিমানা গুনতে হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন