জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমস। আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ড্রয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ৪টি করে দল নিয়ে গঠিত হয়েছে ৩টি গ্রুপ। এর মধ্যে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের শক্তিশালী প্রতিপক্ষ তিনবারের সোনাজয়ী উত্তর কোরিয়া, দশবার অংশ নিয়ে তিনটি ব্রোঞ্জ জেতা দক্ষিণ কোরিয়া এবং মিয়ানমার।
গ্রুপ ‘এ’-তে স্বাগতিক জাপান লড়বে চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ডের বিপক্ষে। এবং ‘সি’ গ্রুপে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।
এর আগে ২০২২ হাংঝু আসরে মাত্র একবারই অংশ নেয় বাংলাদেশ। সেবার ১ ড্র ও ২ হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এবার ঋতুপর্ণা-তহুরাদের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ।
