ফিফা সভাপতির পদত্যাগ দাবিতে একাট্টা সেপ ব্লাটার ও তেবাস

‘ইনফান্তিনো হটাও ফুটবল বাঁচাও’

ফিফা সভাপতির পদত্যাগ দাবিতে একাট্টা সেপ ব্লাটার ও তেবাস

ফন্ট সাইজ:

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে অপসারণের দাবিতে এবার একজোট হয়েছেন তার পূর্বসূরি সেপ ব্লাটার এবং লা লিগা প্রধান হাভিয়ের তেবাস। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে ‘রাজনৈতিক প্রভাবে জর্জরিত’ এবং ‘গোড়া থেকেই পচা’ আখ্যা দিয়ে যৌথভাবে তার পদত্যাগের জোরালো দাবি জানিয়েছেন ফুটবল বিশ্বের এই দুই প্রভাবশালী ব্যক্তিত্ব।

স্পেনের বিশ্বকাপ জয়ের উদ্‌যাপনের পর পরই রোববার বিস্ফোরক মন্তব্য করে ব্লাটার ও তেবাস ক্ষোভ উগরে দেন। বিশ্বমঞ্চের উন্মাদনার আড়ালে জাতীয় লীগগুলোকে ধসিয়ে দেয়ার তীব্র সমালোচনা করেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস। ২০৩০ সালের বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪-তে উন্নীত করার ইনফান্তিনোর পরিকল্পনাকে তীব্র আক্রমণ করে তিনি ইতালিয়ান গণমাধ্যম ‘লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ট’কে বলেন, ‘জাতীয় দলের সংখ্যা বৃদ্ধি করার কোনো মানেই হয় না। ফুটবলের পুরো শিল্প শুধু বিশ্বকাপকেন্দ্রিক হতে পারে না। মূলত ঘরোয়া লীগগুলোই এই খেলাকে টিকিয়ে রেখেছে। মাত্র ৪০ দিনের একটি টুর্নামেন্টের জন্য ফিফা হাজার হাজার মানুষের কর্মসংস্থান ধ্বংস করছে।’

ইনফান্তিনোকে একনায়কতন্ত্রের প্রতীক হিসেবে তুলে ধরে তেবাস আরও বলেন, ‘পুরো ব্যবস্থাটাই গোড়া থেকে পচে গেছে। তিনি ব্যবস্থার ও অধিকাংশ ফেডারেশনের সমর্থন পাচ্ছেন। তার বিপরীতে দাঁড়ানোর মতো কোনো প্রার্থী নেই, কারণ হেরে যাওয়ার জন্য কেউ নির্বাচনে দাঁড়াতে চায় না।’

সদ্য পর্দা নামা বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কই এই ক্ষোভের মূল কারণ। অভিযোগ রয়েছে, যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ফোন কলের পরই ফিফার ডিসিপ্লিনারি কমিটি বালোগানের শাস্তি স্থগিত করে। এই বিষয়ে সেপ ব্লাটার এক্স-এ লেখেন, ‘দীর্ঘতম বিশ্বকাপটি সঠিক চ্যাম্পিয়ন পাওয়ার মাধ্যমেই শেষ হয়েছে। তবে ফাইনালের দিকে যাওয়ার সেই পথে টুর্নামেন্টটি তার সমস্ত গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। রাজনীতির কালো ছায়া যেন কখনো ফুটবল খেলাকে গ্রাস করতে না পারে।’

এর পাশাপাশি ম্যাচের ভেতরে অহেতুক বিজ্ঞাপন বাণিজ্যের উদ্দেশ্যে ‘হাইড্রেশন ব্রেক’ দেয়ার কড়া সমালোচনা করেন তেবাস। এ নিয়ে ফিফাকে সরাসরি অভিযুক্ত করে তিনি বলেন, ‘হাইড্রেশন ব্রেক নেয়ার বিষয়টি পুরোপুরি একটি মিথ্যাচার ও নাটক। ডালাস, লস অ্যানজেলেসের শীতাতপ নিয়ন্ত্রিত মাঠে ফুটবলারদের কোনো বিরতির প্রয়োজন ছিল না। কেবল বিজ্ঞাপনী সুবিধার জন্যই ফিফা এসব নিয়ম তৈরি করছে।’

ফিফা সভাপতি হিসেবে প্রায় এক দশক ধরে দায়িত্বে থাকা ইনফান্তিনো আগামী মার্চে চতুর্থ মেয়াদে পুনরায় নির্বাচিত হতে যাচ্ছেন। তবে ব্লাটার ও তেবাসের এই যৌথ বার্তা বিশ্ব ফুটবলের নীতিনির্ধারণী মহলে এক নজিরবিহীন তোলপাড় সৃষ্টি করেছে। সাধারণ সমর্থক ও খেলোয়াড়দের ফুটবলের পুরনো ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্ষুব্ধ ব্লাটার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন