সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জের এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার এ মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো.জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। এদিন আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. লিটন আহমেদ ও আইনজীবী লুৎফে জাহান।
বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার লিটন আহমেদ মানবজমিনকে বলেন, সুমনের বিরুদ্ধে জুলাই-আগস্টের ঘটনায় মোট ৭টি মামলা হয়েছে। এরমধ্যে ১টি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও পূর্বে জামিন হওয়া দুটি মামলার বিরুদ্ধে রাস্ট্রপক্ষ চেম্বার আদালতে আপীল করেছে। যা এখনও শুনানির অপেক্ষায় আছে। এদিকে বাকি ৪টি মামলা জামিন শুনানির অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ২১শে অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়ার কিছু সময় আগে ২১শে অক্টোবর দিনগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই। সাবেক স্বতন্ত্র এই এমপি বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।
