র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) ও ডিজিএফআইয়ের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি) তথা ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে এবার অংশ নেয়ার অনুমতি পেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। একই দিনে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপিসহ চার আসামিকে আগামী ৩রা আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জেআইসিতে গুম-নির্যাতনের ঘটনায় হওয়া মামলার শুনানিতে আসামিপক্ষের এক আইনজীবীর মৌখিক আবেদনের পর বিচারকরা টিএফআই, জেআইসি ও সংশ্লিষ্ট বন্দিশালা পরিদর্শনে ডিফেন্স আইনজীবীদের অংশগ্রহণের অনুমতি দেন।
পরে, সাংবাদিকদের আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, এতে বিচার প্রক্রিয়ায় উভয়পক্ষের ন্যায়বিচার নিশ্চিত হবে। পাশাপাশি ট্রাইব্যুনাল চাইলে পরিদর্শনে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করলে স্বচ্ছতা আরও জোরদার হবে বলেও তিনি মন্তব্য করেন। একই মামলায় নির্ধারিত ষষ্ঠ সাক্ষীর জেরা সাক্ষীর অসুস্থতার কারণে পিছিয়ে গেছে। প্রসিকিউশনের সময় আবেদনের পর ট্রাইব্যুনাল নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) প্রসিকিউশনের আবেদনে টিএফআই, জেআইসি ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনের সিদ্ধান্ত দেন ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের দাবি, আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের গোপন বন্দিশালায় আটকে রেখে নির্যাতনের অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থেই এ পরিদর্শন প্রয়োজন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বর্তমান ও সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার চলছে।
অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯শে ও ২০শে জুলাই যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় করা মামলায় ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মুন্নাকে আগামী ৩রা আগস্ট আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন। প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, তদন্তে ৪ আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। উল্লেখ্য, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ২০২৫ সালের ২১শে এপ্রিল রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে রয়েছেন।
