দেশজুড়ে ব্যাপক জনবিক্ষোভের মুখে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ওলেকসান্দর সিরস্কিকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেনাবাহিনীতে অত্যন্ত জনপ্রিয় ও উদ্ভাবনী মেজর জেনারেল মাইখাইলো দ্রাপাতাইকে। একই সাথে সম্প্রতি পদচ্যুত হওয়া জনপ্রিয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী মাইখাইলো ফেদোফকে সরকারে একটি ‘গুরুত্বপূর্ণ পদে’ ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। গত সপ্তাহে ফেদোফকে পদচ্যুত করার পর রাজধানী কিভসহ দেশটির প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে এবং সেনাপ্রধানের অপসারণের দাবি জানায়।
২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর এটিকে ইউক্রেনের সবচেয়ে বড় অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই এই বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেন জেলেনস্কি। নতুন সেনাপ্রধান দ্রাপাতাই ইউক্রেনের প্রতিরক্ষা কৌশল আধুনিকায়ন, সেনা মোবিলাইজেশন প্রক্রিয়া আপডেট এবং সেনাবাহিনীর কমান্ড কাঠামো পুনর্গঠনের কাজটি তদারকি করবেন। ফেদোফের এই ঘনিষ্ঠ সহযোগী রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ড্রোন হামলাও জোরদার রাখবেন। অন্যদিকে, ইয়েভহেন খমারাকে ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে স্থলাভিষিক্ত করা হয়েছে। প্রযুক্তি খাতকে একীভূত করা এবং দেশটির উন্নয়নে বিশেষ অবদান রাখতে ফেদোফকে শিগগিরই সরকারে নতুন দায়িত্ব দেয়া হবে। এই শীর্ষ আমূল পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য সেনাবাহিনী পুনর্গঠনের চেষ্টা করছেন জেলেনস্কি।
