জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার যদি জনগণের প্রত্যাশা ও আকাক্সক্ষার বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে জনগণই বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠতে সময় নেবে না। এজন্য দেশের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে তিনি তৃণমূল পর্যায়ে কর্মী গড়ে তোলার আহ্বান জানান। গত রোববার রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে অন্তত ১০ জন করে নিবেদিতপ্রাণ কর্মী প্রয়োজন। এই ১০ জন মানুষ যদি একটি লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তবে পুরো প্রজন্ম ও অঞ্চল তাদের অনুসরণ করবে। একজন মানুষের পক্ষেও একটি অঞ্চল পরিবর্তনের সূচনা করা সম্ভব। তিনি নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১০ জন করে কর্মী এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, এনসিপি’র সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আমরা চাই, আপনারাই আপনাদের সমাজ পরিবর্তনের নেতৃত্ব দিন। সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার মাধ্যমে নতুন বাংলাদেশের যে আকাক্সক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি আরও বলেন, রিকশাচালক, চায়ের দোকানদার, আলেম, সনাতন ধর্মাবলম্বীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এনসিপিকে বাংলাদেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে চান। ছাত্রশক্তি, যুবশক্তি ও নারীশক্তিকে সম্পৃক্ত করে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষাংশে হাসনাত আবদুল্লাহ বলেন, যতদিন আমরা বাংলাদেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও সাম্যের পক্ষে থাকবো, ততদিন আপনাদের সহযোগিতা চাই। আর যেদিন আমরা দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবো, সেদিন আপনারাও আমাদের বিরুদ্ধে অবস্থান নেবেন। পথসভায় বক্তব্য রাখেন, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, এনসিপি পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক খান মো. বাকী বিল্লাহসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।
