শোভাযাত্রা, কেককাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে কুমিল্লা জিলা স্কুলের গৌরবের ১৮৯ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কান্দিরপাড় নিউমার্কেট হয়ে পূবালী চত্বর দিয়ে পুনরায় বিদ্যালয়ে গিয়ে শেষ হবে। এরপর কেককাটা হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজ জানান, ১৮৩৭ খ্রিস্টাব্দের ২০শে জুলাই কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠা হয়। বর্তমানে প্রভাতী ও দিবা দুই শিফটে ১ হাজার ৮৪৬ জন ছাত্র আছে। দুই শিফটে শিক্ষক আছেন ৫০ জন। জমির পরিমাণ ৫ দশমিক ৬৯ একর। কুমিল্লা নগরের প্রাণকেন্দ্রে এই স্কুলের অবস্থান। ধর্মসাগর দিঘীর পূর্ব-দক্ষিণ কোণে এই স্বনামধন্য ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান চলে।
এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ এর গড়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের নাম্বার ওয়ান জিলা স্কুল। প্রধান শিক্ষক মো. আবদুল হাফিজ বলেন, এই স্কুল আমাদের অলঙ্কার ও অহঙ্কার। একঝাঁক মেধাবীর স্কুল এটি। নিয়মিত ক্লাস পরীক্ষা ও অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় ভালো ফল করে আসছে। দেশের অনেক খ্যাতনামা ব্যক্তি এখানকার ছাত্র ছিলেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে এই স্কুলের ছাত্ররা অংশ নেন। ’৫২ সালের ভাষা আন্দোলনে, ’৬২-এর শিক্ষা আন্দোলনে, ছয় দফায়, নব্বইয়ের আন্দোলনে, ২৪-এর জুলাই আন্দোলনে এই স্কুলের ছাত্ররা অংশ নেন। সংস্কৃতি, ক্রীড়া, বিতর্ক, স্কাউট, অলিম্পিয়াডে এই স্কুলের শিক্ষার্থীদের ভূমিকা উজ্জ্বল।
