চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলা এলাকায় ঘুমন্ত এক কর্মচারীর হাত-পা ও মুখ বেঁধে প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইমন তালুকদার সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানান, তিনি বাঁশবাড়িয়ার কে আর ফ্লেক্সিপ্যাক কোম্পানির কর্মচারী। রোববার সকালে নাইট ডিউটি শেষে বাসায় এসে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে তার স্ত্রী বিথী তালুকদার সন্তানকে স্কুল থেকে আনতে বাইরে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আলমারিতে থাকা দু’টি স্বর্ণের চেইন, একটি গলার হার, দুই জোড়া কানের দুল, একটি আংটি এবং এক জোড়া স্বর্ণের শাঁখাসহ আনুমানিক ৮ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাসায় ফিরে তাকে বাঁধা অবস্থায় দেখে চিৎকার করলে স্থানীয়রা এসে উদ্ধার করেন। পরে ভুক্তভোগী সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সীতাকুণ্ডে ঘুমন্ত কর্মচারীকে বেঁধে ৮ ভরি স্বর্ণালংকার লুট
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২১ জুলাই (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
