ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুককে পার্সেলের মাধম্যে চিরকুট পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে তিনি ভৈরব থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার ‘ফাতান হোমিও চিকিৎসালয়’ এর ঠিকানায় পার্সেলটি পাঠানো হয়। ভৈরবের এস.এ পরিবহন শাখা থেকে পাঠানো পার্সেলের প্রেরক হিসেবে ‘হরিদাস, আশুগঞ্জ’ এবং একটি মোবাইল নম্বর উল্লেখ করা হয়। আর প্রাপক হিসেবে ফারুকের নাম ও তার ব্যক্তিগত মোবাইল নম্বর দেয়া হয়। ওইদিন পৌর নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় তার ছেলে মুন্তাসির মাহমুদ ঈশান বেলা ১২টার পরে পার্সেলটি রিসিভ করেন। পরে বাসায় গিয়ে বাক্সটি খুলে ভেতরে ১ গজ সাদা কাফনের কাপড়, ১টি গোলাপ জল, আগরবাতি এবং একটি চিরকুট দেখতে পান।

চিরকুটে লেখা ছিল ‘আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে। এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা ফারুক বলেন, আমি দীর্ঘ চার বছরেরও অধিক সময় ধরে ভৈরব পৌরসভায় অত্যন্ত সততা, নিষ্ঠা ও নিয়মকানুন মেনে দায়িত্ব পালন করে আসছি। সরকারি বিধি রক্ষায় আমাকে সবসময় কঠোর অবস্থান নিতে হয়েছে। ধারণা করছি, আমার এই কঠোর ও আপসহীন ভূমিকার কারণে কোনো স্বার্থান্বেষী মহল বা অপরাধী চক্র আমার ওপর ক্ষিপ্ত হয়ে এ জঘন্য কাণ্ড ঘটিয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ওসি লিমন বোস জানান, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। এছাড়া পার্সেলের প্রেরক ও মোবাইল নম্বরের সূত্র ধরে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন