রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পল্লবী থানার মামলায় রাজধানীর ইসিবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার পল্লবী থানার ওসি হাসান বাসির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘সাহেদের বিরুদ্ধে ‘সিআর মামলার ওয়ারেন্ট’ রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে আটক করেছে।’’
এ বিষয়ে পরে বিস্তারিত জানাবেন বলেন ওসি।
করোনা মহামারির সময়ে ২০২০ সালের ৭ জুলাই রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র্যাব। সেখান থেকে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের নামে মামলা করে।
এরপর ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীসান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়। প্রতারণা, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ সাহেদের বিরুদ্ধে ৩৫টি মামলা চলমান ছিল, যার সব কটিতেই পর্যায়ক্রমে জামিন পাওয়ার পর
২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে জেল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।
