দৈনিক মানবজমিন পত্রিকার রংপুর পীরগঞ্জ প্রতিনিধি ও পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আনজারুল হক আর নেই। শনিবার ভোর ৪টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি মা, স্ত্রী, পুত্র ও কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ যোহর পীরগঞ্জ উপজেলার ভেণ্ডাবাড়ি নিজ বাসবভনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এনসিপি’র কেন্দ্রীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। পরে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
আনজারুল হক তিন দশক ধরে মানবজমিনে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দৈনিক বাংলা বাজার, যুগের আলো সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। তার মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা ও শোক জ্ঞাপন করেছেন পীরগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
