‘মবের শাসনের বদলে আইনের শাসনে ফিরতে হবে’: সাইফুল হক

‘মবের শাসনের বদলে আইনের শাসনে ফিরতে হবে’: সাইফুল হক

ফন্ট সাইজ:

স্বাধীন, নিরপেক্ষ ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত বিচারব্যবস্থা গড়ে তুলতে সমগ্র বিচারব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, নির্বাহী বিভাগ, বিচারবিভাগ ও সংসদের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গণতান্ত্রিক আইনজীবী সংহতি আয়োজিত ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ও বিচারবিভাগের কাক্সিক্ষত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার বিএনপিসহ রাজনৈতিক বিরোধীদের দমনে বিচারবিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। সে লক্ষ্যেই ‘শপথবদ্ধ রাজনীতিকদের’ বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। ভবিষ্যতে বিচারবিভাগে এ ধরনের নিয়োগ বা বিচারবিভাগকে নিয়ন্ত্রণের কোনো তৎপরতা দেশের মানুষ দেখতে চায় না।
তিনি বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারবিভাগের কার্যকর নিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে হবে। মবের শাসনের পরিবর্তে আইনের শাসনে ফিরে যেতে হবে এবং কোনো নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারে না।

বিচারবিভাগের ওপর জনআস্থা নষ্ট হলে সামাজিক নৈরাজ্য ছড়িয়ে পড়তে পারে উল্লেখ করে সাইফুল হক বলেন, গত ১৭ বছর বিএনপি যে ধরনের স্বাধীন বিচারব্যবস্থা চেয়েছে, এখন সেই ধরনের বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক শক্তিগুলো যে স্বাধীন ও নিরপেক্ষ বিচারব্যবস্থা প্রতিষ্ঠার দাবি জানিয়ে এসেছে, তা বাস্তবায়নের পথ যেন হোঁচট খেতে শুরু করেছে।

গণতান্ত্রিক আইনজীবী সংহতির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপুর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট সুমন মিয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন অ্যাডভোকেট অনুরুদ্ধ সরকার, অ্যাডভোকেট পিয়াস মজুমদার ও মীর রেজাউল আলম।

আলোচনার শুরুতে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন