ঘুম না আসায় গভীর রাতে মোবাইল ফোনে সময় কাটাতে গিয়ে এক নারী লটারিতে জিতে নিয়েছেন ১ লাখ ৫০ হাজার ডলার। যা প্রায় দুই কোটি টাকার সমান। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার মুরসভিল শহরের বাসিন্দা সু রাউলি লটারি কর্মকর্তাদের জানান, ৮ই জুলাই রাতে তার ঘুম আসছিল না। সময় কাটানোর জন্য তিনি স্মার্টফোনে অনলাইনের তাৎক্ষণিক (ডিজিটাল ইনস্ট্যান্ট) লটারি খেলতে শুরু করেন। আর তাতেই ভাগ্য খুলে যায় তার। মাত্র ৩০ ডলারের একটি টিকিটে নতুন ‘টাম্বলিং ট্রেজার্স’ গেমে অংশ নিয়ে তিনি জিতে নেন বিশাল এই পুরস্কার। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
লটারি কর্তৃপক্ষ জানিয়েছে, রাউলির মতো এত বড় অঙ্কের পুরস্কার জেতার সম্ভাবনা ছিল ২০ লাখে মাত্র ১টি। রাউলি বলেন, মোবাইলের পর্দায় ফলাফল দেখেও তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি। এত বড় পুরস্কার জেতার কথা তিনি কখনো কল্পনাও করেননি। তিনি বলেন, রাত অনেক হয়ে গিয়েছিল। আমি শুধু সময় কাটানোর জন্য খেলছিলাম। হঠাৎই এটা ঘটে যায়। তখন আমি বিশ্বাসই করতে পারছিলাম না, কারণ এমন ঘটনা তো প্রতিদিন ঘটে না।
গত ১৩ জুলাই তিনি র্যালিতে অবস্থিত লটারির প্রধান কার্যালয়ে গিয়ে পুরস্কারের অর্থ গ্রহণ করেন। ফেডারেল ও অঙ্গরাজ্য সরকারের কর কেটে নেয়ার পর তার হাতে আসে ১ লাখ ৮ হাজার ২৩ ডলার। পুরস্কার পাওয়ার পর রাউলি বলেন, আমরা খুবই উচ্ছ্বসিত। তিনি জানান, এই অর্থ দিয়ে তিনি নিজের বাড়ির কিছু সংস্কারের কাজ করবেন।
গত মাসে এক বৌদ্ধ ভিক্ষুও রাতারাতি কোটিপতি হন ব্যাংকের একটি সৌভাগ্য ড্রয়ে জিতে। ৭৩ বছর বয়সী চ্যান চাই সিয়াং একসময় কারখানায় কাজ করতেন। বর্তমানে তিনি একটি আশ্রমে বসবাস করেন। ব্যাংক সিম্পানান নাসিওনালের লাকি ড্রয়ে ১০ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জিতেছেন তিনি। তবে এই জয়কে তিনি কোনো অলৌকিক ঘটনা বলে মনে করেন না। তার ভাষায়, এটি কর্মফল। যা বর্তমান জীবনের নয়, বরং পূর্বজন্মের কাজের প্রতিফলন। তিনি আরও জানান, অর্থ পাওয়ার জন্য তিনি কখনো বিশেষ কোনো মানত বা প্রার্থনা করেননি।
