হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যু চলছেই। গত চার মাসে ৭৮০ শিশু এতে প্রাণ হারায়। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে আরও ১ হাজার ১৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৮০ জনের মৃত্যু হলো। এরমধ্যে হামের উপসর্গে ৬৮৫ শিশু ও হামে আক্রান্ত হয়ে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে। সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে।
পাশাপাশি এই সময়ে আরও ৮৭৩ শিশুর মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ১৬ হাজার ১১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৪ হাজার ২৪৪ জনের হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮ হাজার ৬০০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯৫ হাজার ৩১ শিশু ছাড়পত্র পেয়েছে।
