সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ ও কাঁকড়া ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বনবিভাগ। এ সময় তাদের কাছ কে ৪৫০ কেজি কাঁকড়া ও ১৫০ কেজি সাদা মাছসহ ৩টি নৌকা জব্দ করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বাটলু নদীর মুখ এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- কয়রা উপজেলার ২নং কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ।
অভিযান পরিচালনা করেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল আলম। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন হোসেন বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন বলেন, কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।
