মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলেকে আটক মাইকে ঘোষণা দিয়ে বসতবাড়ি ভাঙচুর

মাদক ব্যবসার অভিযোগে মা-ছেলেকে আটক মাইকে ঘোষণা দিয়ে বসতবাড়ি ভাঙচুর

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ভালুকায় মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুর-অগ্নিসংযোগের আগে অভিযুক্ত পারভেজ মিয়া (২৫) ও তার মা পারভীন আক্তার (৪০)কে আটক করে স্থানীয়রা। আটক পারভেজ মিয়া আওলাতলী গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে। পারভীন আক্তার তার মা।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্তদের বাড়ি ভাঙচুর ও আগুন দেয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হন। পরে মাদক ব্যবসার অভিযোগে পারভেজ মিয়া ও তার মা পারভীন আক্তারকে আটক করে ভালুকা মডেল থানায় সোপর্দ করে। পরে পুলিশ আসার আগেই বিক্ষুব্ধ জনতা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়িতে আগুন ধরিয়ে দিলে তিনটি পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর এবং বাড়ির পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারভেজ ও তার পরিবারের সদস্যরা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে সতর্ক করা হলেও তারা মাদক ব্যবসা বন্ধ করেনি। এতে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ তৈরি হয়। শুক্রবার সকালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে একত্রিত করা হয়। পরে প্রায় এক হাজার মানুষ জামাল উদ্দিনের বাড়ির সামনে জড়ো হয়। একপর্যায়ে পারভেজ ও তার মাকে আটক করে।
হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের কারণে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। ছোট ছোট ছেলেরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, বাড়িতে গিয়ে তারা বিপুল পরিমাণ মাদক পেয়েছে। হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, শুক্রবার সকালে দুই-তিন গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করে। পরে পুলিশ এসে পারভেজ ও তার মা’কে হেফাজতে নেয়। এর আগে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদের নির্দেশনায় একটি মাদক নির্মূল কমিটি গঠন করে দেয়া হয়েছিল।
আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম বলেন, সারা দেশে মাদক নির্মূলে সরকারের যে উদ্যোগ রয়েছে, তারই অংশ হিসেবে এলাকাবাসী একত্রিত হয়েছে। পরে অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়া হয়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মাদক ব্যবসার অভিযোগে পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন