শেরপুরের নালিতাবাড়ীতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদক বিক্রি ও সেবন প্রতিরোধে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া গ্রামে সচেতন মহলের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় বক্তারা মাদকের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সচেতন মহলের সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, সমাজের অধিকাংশ তরুণ আজ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
তাই মাদক বিক্রেতা ও সেবনকারীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা মাদক ছেড়ে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসুন। বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।
