বান্দরবানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

বান্দরবানের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি ব্যবস্থাপনায় পুনর্বাসন করা হবে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে নেয়া ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক ও পশুপালকদের সহায়তায় গৃহপালিত পশুর জন্য বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা প্রদান করা হবে। শুক্রবার সকালে বান্দরবান জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরে পার্বত্য প্রতিমন্ত্রী রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় জেলা বিএনপি’র উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া, জামছড়ি এলাকায় আরও ৪০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই দিনে রোয়াংছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বন্যাকবলিত ১০০ পরিবারের মধ্যে হাইজিন কিট বিতরণ করা হয়। এ সময় বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মিসেস ম্যামাচিং, জেলা বিএনপি’র সদস্য সচিব সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, বান্দরবান জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী অনুপম দে ও রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাজমিন আলম তুলিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন