অতিরিক্ত নেতার ভারে ভেঙে গেল মঞ্চ

অতিরিক্ত নেতার ভারে ভেঙে গেল মঞ্চ

ফন্ট সাইজ:

চন্দনাইশে দোহাজারী পৌরসভা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মঞ্চে ছিলেন বর্তমান সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় এমপি জসিম উদ্দিন আহমেদ, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলার নেতৃবৃন্দ। তবে অর্থমন্ত্রীসহ অন্য নেতাকর্মীরা অক্ষত থাকলেও তারা চলে যাওয়ার পরে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে ত্রাণসামগ্রী কাড়াকাড়ি নিয়ে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌর এলাকায় সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রী গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজন ও নেতাকর্মীদের ভারে হঠাৎ মঞ্চটি ধসে পড়ে সবাই নিচে পড়ে যায়। পরবর্তীতে মন্ত্রী চলে যাওয়ার পরে স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে ত্রাণ নিয়ে চারদিকে হুড়োহুড়ি ও কাড়াকাড়ি সৃষ্টি হয়। এতে ত্রাণ নিতে আসা নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মন্ত্রী মহোদয় মঞ্চে ওঠার পর অতিরিক্ত চাপের কারণে মঞ্চ ধসে পড়ে এবং সেখানে উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর হতাহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর পরই তিনিও অনুষ্ঠানস্থল থেকে চলে যাওয়ার কারণে পরের ঘটনাটি তার জানা নাই বলে জানান তিনি।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন