পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজের কথা বলে নিজ বসতঘরে নিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোস্তাফিজুর রহমান (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার মাধবখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি ও উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। পেশায় একজন পল্লী চিকিৎসক।
নারীর অভিযোগ, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান তার (নারীর) ভাইয়ের ছেলেকে তাবিজ দেয়ার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ঘরে এনে তাকে ধর্ষণের চেষ্টা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারীর স্বামী ও নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এক বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় জামায়াত নেতা ও পল্লী চিকিৎসক মোস্তাফিজুর রহমানের সঙ্গে পরিচয় হয়।
পারিবারিক বিভিন্ন সমস্যাজনিত কারণে তিনি তার কাছে প্রায়ই তাবিজ নিতে আসতেন। ওইদিন জামায়াত নেতা তার স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে বেড়াতে পাঠিয়ে দেন। এরপর সন্ধ্যার দিকে নারীকে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রায় ঘণ্টা দু’য়েক তারা ঘরের ভেতরে অবস্থান করেন। এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে ঘরের ভেতরে তাদের একটি রুমে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, এ বিষয়ে ওই নারী বাদী হয়ে থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। আসামি মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে।
