শিক্ষার্থীদের আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং বৈশ্বিক পরিসরে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) প্রথমবারের মতো জাপানি ভাষা শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তিন মাসব্যাপী বেসিক ও জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (জেএলপিটি) কোর্সের উদ্যোগে শিক্ষার্থীদের নতুন সম্ভাবনার এক দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। গতকাল গাকৃবি’র ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাব (জিএইউ-এলপিডিসি)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে জাপানি ভাষা শিক্ষা কোর্সের এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাকৃবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, নব-প্রবর্তিত জাপানি ভাষা শিক্ষা কোর্সের কোর্স ইন্সট্রাক্টর প্রফেসর ড. মো. আমজাদ হোসেন, গাকৃবি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাতুল ইসলাম শাওন বক্তব্য রাখেন। কোর্সটির প্রথম ব্যাচে প্রাথমিকভাবে নিবন্ধনকারী ৩৫ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
