বোয়ালমারী থানার কনস্টেবল মিন্টুর বিরুদ্ধে নানা অভিযোগ

ফন্ট সাইজ:

ফরিদপুরের বোয়ালমারী থানায় কর্মরত পুলিশের কনস্টেবল ইসলামুল হক মিন্টুর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, ইসলামুল হক মিন্টু ১০ বছর আগে ফরিদপুরের বোয়ালমারী থানায় আসেন। মিন্টুর বাড়ি পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলায়। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তার জেলার প্রভাব খাটিয়ে বোয়ালমারী উপজেলায় নানা ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। তার বিরুদ্ধে এলাকার মানুষের সঙ্গে অসদাচরণ, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা নেয়া, থানায় আসা আসামিদের বিশেষ কারণে সুবিধা দেয়া ও বিভিন্ন স্থান থেকে মাসোহারা আদায়ের অভিযোগ রয়েছে। সম্প্রতি এসব বিষয় নিয়ে ঢাকার পুলিশ হেডকোয়ার্টারের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, ২০১৪ সালের ৫ই আগস্ট পরবর্তী তাকে বোয়ালমারীর জয়নগর, চরভদ্রাসনের আটটেরচর, ঢাকা এবং সর্বশেষ খুলনায় বদলি করা হয়। কিন্তু রহস্যজনকভাবে সম্প্রতি তিনি আবারো বোয়ালমারী থানায় বদলি হয়ে আসেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা মনে করেন, মিন্টু এলাকায় থাকলে পুলিশ বাহিনীর মান-সম্মান ক্ষুণ্ন্ন হবে। তারা বিষয়টি তদন্ত করে অভিযুক্ত কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেন। এ বিষয়ে কনস্টেবল ইসরামুর হক মিন্টু বলেন, আমি মাত্র তিনমাস আগে এ থানায় এসেছি।

এরমধ্যে কতোটুকু অন্যায় করতে পারি। বর্তমানে আমার রিটায়ার্ড করার সময়, আমি সরকারি কাজ ছাড়া বাইরের কোনো কাজ করি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ তা সত্য নয়। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, একজন কনস্টেবলের অন্যায় দুর্নীতি করার কতোটুকু সুযোগ থাকে? আমার কাছে মনে হয়, অভিযুক্ত মিন্টু বড় ধরনের অন্যায় করেনি। তবে তার বিরুদ্ধে অফিসিয়ালি কোনো অভিযোগ এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন