দেশে জ্বালানি আমদানি হ্রাস ও অর্থ সাশ্রয় করতে ১০ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষি উপকরণ, ক্রীড়াসামগ্রী ও বেঞ্চ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। টুকু বলেন, সোলার বিদ্যুৎ উৎপাদন করা হলে জ্বালানি আমদানি হ্রাস পাবে। এতে দেশের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। বর্তমান সরকার দেশের প্রান্তিক মানুষের স্বার্থ বিবেচনা করে ৭৫ ইউনিট পর্যন্ত গ্রাহকদের বিদ্যুতের দাম বাড়ায়নি।
গ্রামে মাসে ৭৫ ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার হয় না। মূলত গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী যাতে কোনো কষ্টে না পড়ে, সরকার সবসময় সেই চেষ্টাই করছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলা হচ্ছে। আর এরই অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য ফ্যামিলি ও কৃষি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা-আপনারা সবাই পরীক্ষা দিয়ে পাস করে এসেছি, আজ পরীক্ষার হলে ঘাড় ঘুরাতে দেয় নাই, আর আন্দোলন শুরু হয়ে গেছে। এইটা একটা আন্দোলনের বিষয় হলো। এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন খানের সভাপতিত্বে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।
