রায়গঞ্জে মাদক সেবনে বাধা, ছুরিকাঘাতে পরীক্ষার্থীর মৃত্যু

রায়গঞ্জে মাদক সেবনে বাধা, ছুরিকাঘাতে পরীক্ষার্থীর মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে ছুরি ও চাপাতি দিয়ে হামলার ঘটনায় আহত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় তার ভাই মো. হাসান গুরুতর আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান স্থানীয় ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে ও রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য, গত মঙ্গলবার রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকায় মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মো. তারা শেখের ছেলে টিটোনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটোন বার্মিজ ছুরি ও চাপাতি দিয়ে আব্দুর রহমান ও তার বড় হাসানের ওপর হামলা চালায়। এতে দুই ভাই গুরুতর আহত হন।

স্বজনরা জানান, আহতদের প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরে ঢাকার ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা তার একটি হাত কেটে ফেললেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যদিকে হাসান এখনো শজিমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

তার অবস্থাও আশঙ্কাজনক বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। রহমানের সহপাঠী রেজোয়ান হাসান সিফাত, সীমান্ত তালুকদারসহ অনেকে বলেন, রহমান মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। তবে অভিযুক্ত টিটোন ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন