কুলাউড়ায় ২ যুগ থেকে পরিত্যক্ত বনবিভাগের ভবন

কুলাউড়ায় ২ যুগ থেকে পরিত্যক্ত বনবিভাগের ভবন

ফন্ট সাইজ:

সিলেট বনবিভাগের আওতায় মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জ কার্যালয়ের জন্য নির্মিত একটি একতলা ভবন প্রায় ২ যুগ থেকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। উদ্বোধনের পর থেকে আজও বনবিভাগের রেঞ্জ কার্যালয়টি চালু না হওয়ায় চুরি হয়ে গেছে ভবনের মূল্যবান বিভিন্ন জিনিসপত্র। আদৌ কার্যালয়টি চালু হবে কি না তা জানেন না কুলাউড়া বনবিভাগের লোকজন। জানা যায়, ২০০২-০৩ সালের দিকে কুলাউড়া মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের মিশন এলাকায় রাস্তার পাশে সিলেট বনবিভাগের তত্ত্বাবধানে কুলাউড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের জন্য একটি একতলা পাকা ভবন নির্মাণ করে সরকার।

ভবনটিতে অফিসের কার্য্যক্রম ছাড়াও বসবাসের জন্য প্রয়োজনীয় সবকিছু স্থাপন করা হয়। কিন্তু ভবনটি নির্মিত হলেও আজ পর্যন্ত কোন কর্মকর্তা সেখানে অফিসের কার্য্যক্রম চালু করেননি বা বসবাস ও করেননি। ফলে দীর্ঘদিন থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় স্থানীয় চোরের দল ভেতরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এ ছাড়াও রাত হলে জনমানবহীন এলাকায় হওয়ায় মাদকসেবীদের আড্ডায় পরিণত হয় ভবনটি।

এ ব্যাপারে কুলাউড়া বনবিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ বলেন, ভবনটি নির্মাণের উদ্দেশ্য ছিল মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কে অবৈধভাবে কোনো কাঠ বা গাছবহনকারী গাড়ি চলাচল করলে তাদের ওপর নজরদারী ও আটকের জন্য। কিন্তু কোনো কর্মকর্তারা সেখানে অফিস না করায় ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তবে উক্ত অফিস এবং জায়গার সরকারি কর খাজনা আমরা নিয়মিত পরিশোধ করে যাচ্ছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন