সদরপুরে পদ্মার গ্রাসে দিশাহারা নদীপাড়ের মানুষ

সদরপুরে পদ্মার গ্রাসে দিশাহারা নদীপাড়ের মানুষ

ফন্ট সাইজ:

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ও মুন্সিরচর এলাকায় পদ্মা নদীর অব্যাহত ভাঙনে চরম দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষ। গত কয়েক দিনের তীব্র স্রোতে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। পদ্মার রাক্ষুসে গ্রাসে ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে একটি ইটভাটা (ফকির ইটভাটা), বিস্তীর্ণ ফসলি জমি, অন্তত ২০টি বসতবাড়ি, কয়েকটি দোকানঘর এবং মাঠের উঠতি ফসল। ক্ষতিগ্রস্তদের দাবি, আকস্মিক এই ভাঙনে এলাকায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া, যোগাযোগের একমাত্র মাধ্যম কয়েক কিলোমিটার পাকা রাস্তাও নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনই পদ্মা তাদের বসতভিটা ও আবাদি জমি গিলে খাচ্ছে। ভাঙনের তীব্র আতঙ্কে অনেক পরিবার তড়িঘড়ি করে নিজেদের ঘরবাড়ি ও আসবাবপত্র খুলে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। ভাঙন যেভাবে এগোচ্ছে, তাতে আরও বহু ঘরবাড়ি, কৃষিজমি ও ব্যবসা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ার চরম আশঙ্কা দেখা দিয়েছে। ?নদীপাড়ের বাসিন্দা জয়নাল বেপারী ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন, “চোখের সামনে অনেকের পাকা বাড়ি নদী নিয়ে গেল। ফসলি জমির তো কোনো হিসাবই নেই।

অবিলম্বে নদীর পাড়ে বাঁধ দেয়া না হলে আমাদের আর রক্ষা নেই।” এলাকাবাসীর জোর দাবি, কেবল অস্থায়ী বালুর বস্তা বা তাৎক্ষণিক ব্যবস্থা নয়, বরং দীর্ঘমেয়াদি নদীশাসনের মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত গৃহহারা পরিবারগুলোর দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তারা। ?এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ শাওন বলেন, “পদ্মার ভাঙনের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত নদী শাসনের স্থায়ী কাজ বাস্তবায়ন করা না হলে প্রতি বছরই এই ভাঙন আরও তীব্র আকার ধারণ করবে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে অতিদ্রুত কার্যকর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন