কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে শিশুর মৃত্যু আশঙ্কাজনক মা

কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে শিশুর মৃত্যু আশঙ্কাজনক মা

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের ফেলে দেয়া বিস্কুট খেয়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে রবিউল মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এ ঘটনায় শিশুটির মা রুনা বেগমও জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। নিহত শিশু রবিউল কালিপুর দক্ষিণ পাড়া এলাকার মিজান মিয়ার ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮শে জুন রবিউল নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী মুসা মিয়ার স্ত্রী তাদের পোষা কুকুরকে বিস্কুট খেতে দেয়। কুকুরটি অর্ধেক বিস্কুট খাওয়ার পর বাকি অংশটি ফেলে রেখে যায়। এ সময় রবিউল অজ্ঞাতবশত বিস্কুটটি কুড়িয়ে খেয়ে ফেলে। এরপর থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা জানান, অসুস্থ শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে জলাতঙ্কের টিকা না থাকায় তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভ্যাকসিন দেয়া হয়। গত বুধবার শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে শিশুটি মারা যায়। নিহত শিশুর বাবা মিজান মিয়া অভিযোগ করে বলেন, প্রতিবেশী মুসার পরিবার নিয়মিত বাড়ির সামনের খোলা জায়গায় তাদের পোষা কুকুরকে খাবার দিতো। এ বিষয়ে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও তারা কর্ণপাত করেনি। আমি দোষীদের বিচারের দাবি জানাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন