মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৮ জন। গত বৃহস্পতিবার সন্ধ্যা ও দিবাগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের চাকলেশ্বর-থলপাড়া এলাকা দিয়ে প্রবাহিত বংশাই নদীতে ও বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

এসব ঘটনায় জিকুল ও সাজ্জাদ নামের দুই তরুণ এবং অপর ঘটনায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া গ্রামের নেপাল রাজবংশীর ছেলে সুশান্ত রাজবংশী নিহত হয়েছেন। ঘটনাসূত্রে জানা গেছে, গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌভ্রমণে আসেন ৪০-৫০ জনের একটি দল। সন্ধ্যার পর তারা মির্জাপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করে বংশাই নদীর চাকলেশ্বর-থলপাড়া অতিক্রম করার সময় নদীর উপর ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে নৌকার উপরে থাকা কয়েকজন জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হলে তাদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে ডাক্তার দুইজনকেই মৃত ঘোষণা করেন।

অপরদিকে গত বৃহস্পতিবার দিনগত রাতে বহুরিয়া ইউনিয়নের মুন্দিরাপাড়া অংশের নদীতে মাছ ধরতে গিয়ে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক জেলে নিখোঁজ হয়। পরে শুক্রবার সকালে ফায়ার সার্ভিসকর্মীরা তার লাশ উদ্ধার করে। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন