বিশ্বকাপ ফাইনালে থাকবেন ট্রাম্প, ট্রফি তুলে দেবেন বিজয়ীদের হাতে

বিশ্বকাপ ফাইনালে থাকবেন ট্রাম্প, ট্রফি তুলে দেবেন বিজয়ীদের হাতে

ফন্ট সাইজ:

আগামী রবিবার স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বৃহস্পতিবার জানান, আমরা রবিবারের ফাইনাল ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি আরো বলেন, প্রেসিডেন্টও সেখানে উপস্থিত থাকার জন্য উন্মুখ হয়ে আছেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, নিউ জার্সি নিউ ইয়র্ক স্টেডিয়ামে ট্রাম্প বিজয়ীদের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন। এই সপ্তাহে সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম ব্লু স্পোর্ট-কে দেয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো এই পরিকল্পনার কথা পুনরুল্লেখ করে বলেন, হ্যাঁ, আশা করছি ফাইনালে আমরা একসাথে ট্রফিটি প্রদান করব। এটি শুরু থেকেই আমাদের পরিকল্পনা ছিল এবং অতীতেও প্রথা এমনই ছিল যে দেশে ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই দেশের প্রেসিডেন্ট ফিফা প্রেসিডেন্টের সাথে যৌথভাবে ট্রফি তুলে দেন। এর আগে ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ইনফান্তিনোর সাথে যোগ দিয়ে লিওনেল মেসি ও তার আর্জেন্টিনা দলের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। তারও আগে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে ভ্লাদিমির পুতিন ট্রফিটি কিলিয়ান এমবাপে ও ফ্রান্স দলের হাতে তুলে দেন।

গত গ্রীষ্মে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের এই একই স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও ট্রাম্প উপস্থিত ছিলেন। সেখানে চ্যাম্পিয়ন চেলসির হাতে ট্রফি তুলে দেয়ার সময় গ্যালারি থেকে দর্শকরা তাকে লক্ষ্য করে তীব্র দুয়ো ধ্বনি দিয়েছিলেন। চলতি বিশ্বকাপে ট্রাম্প এখনও স্টেডিয়ামে বসে কোনো ম্যাচ না দেখলেও পর্দার আড়ালে বড় ভূমিকা রেখেছেন। ইনফান্তিনোর সাথে তার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নকআউট পর্বে শেষ ১৬-র ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের তারকা খেলোয়াড় ফোলারিন বালোগানের বিতর্কিত লাল কার্ডের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য তিনি ফিফা প্রেসিডেন্টকে ফোন করে তদবির করেছিলেন। ফিফা শেষ পর্যন্ত বালোগানের নিষেধাজ্ঞা তুলে নিলেও এই রাজনৈতিক নাটক মার্কিন দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলে এবং সম্ভাবনাময় বিশ্বকাপ থেকে বেলজিয়ামের কাছে হেরে তারা বিদায় নেয়। পুনরায় নির্বাচিত হওয়ার পর ট্রাম্পকে বেশ কয়েকটি ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিতে দেখা গেছে।

গত বছর তিনি সুপার বোল, টেনিসের ইউএস ওপেন, ডেটোনা ৫০০ এবং গলফের রাইডার কাপে উপস্থিত ছিলেন। এই বছর তিনি বেশ কয়েকটি গলফ ইভেন্ট, কলেজ ফুটবলের জাতীয় চ্যাম্পিয়নশিপ ম্যাচ এবং এনবিএ ফাইনালসের ৩ নম্বর ম্যাচ উপভোগ করতে যান। সেখানে নিউ ইয়র্ক নিক্স-এর ঘরের মাঠে দর্শকরা তাকে দুয়ো ধ্বনি প্রদান করে। তবে ফাইনালে ট্রাম্প কোন দলকে সমর্থন করছেন সে বিষয়ে প্রেস সেক্রেটারি লিভিট নিশ্চিত করে কিছু বলতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি রসিকতা করে বলেন, আমি নিশ্চিত আপনাদের জন্য তার কাছে একটি মজার উত্তর থাকবে। লিভিট আরও জানান, শুক্রবার নিউ ইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারে ফিফার একটি সংবর্ধনা অনুষ্ঠানেও ট্রাম্প যোগ দেবেন। উল্লেখ্য, ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি গত বছর ট্রাম্প টাওয়ার ভবনেই তাদের একটি কার্যালয় চালু করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন